নগরীর খানপুর এলাকায় আল-হেরা জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১০ মার্চ) সকালে শহরের খানপুর এলাকায় ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।
এর আগে শনিবার (৯ মার্চ) খানপুর এলাকায় আল-হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। সেখানে তার টনসিল অপারেশন করা হয়। রোববার সকালে এসে তার মরদেহ অপারেশন কক্ষে (ওটি) দেখতে পায় পরিবার।
নিহতের বাবা রমজান আলী বলেন, ‘বাচ্চার টনসিলের অপারেশন করেছে ঢাকার মুগদা হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটি রুমে দেখি ছেলেকে রাখা। তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোনো সাড়াশব্দ করছিল না। এসময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্সকে আমরা খুঁজে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’
তবে হাসপাতালের মালিকপক্ষের কবির নামের একজন বলেন, ‘স্বজনদের ভুলের কারণে রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু এটা টনসিলের অপারেশন ছিল, তাই রোগীর স্বজনদের বলা হয়েছিল, তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার যেন না দেয়। স্বজনরা সকালে তরল খাবারের সঙ্গে কেক খাওয়ায়। যে কারণে শিশুটির শ্বাসনালির কোনো এক জায়গায় খাবার আটকে যায় এবং দম বন্ধ হয়ে মারা যায়।’ তবে নিহত মোস্তকিমের স্বজনরা বলেন,কর্তৃপক্ষ নিজেদের অপরাধ ঢাকতেই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এ কবিরের মাধ্যমেই আমরা মোস্তাকিমকে এখানে ২০ হাজার টাকায় কন্ট্রাকের মাধ্যমে ভর্তি করাই। সকালে সেখানে কর্মরতদের পরামর্শক্রমেই পানিতে ভিজিয়ে মোস্তাকিমকে কেক খাওয়ানো হয়। সেখানে উপস্থিত অনেকে বলেন,কবিরসহ প্রায় ১১জন এ প্রতিষ্ঠানটির মালিক। মোস্তাকিম নিহতের পরে সেখানে কর্মরত অনেকেই গা-ঢাকা দেন এবং কবির নিজেকে নিহতের স্বজন পরিচয় দিয়ে সবকিছু ঢাকার চেষ্টা করেও ব্যর্থ হন। সাংবাদিকদের দেখে তিনি নীচতলায় ১০৩নং কক্ষের টয়লেটে অবস্থান নেয় প্রায় ৩০ মিনিট। সাংবাদিকদের চাপের মুখে পড়ে তিনি সেখান থেকে বের হতে বাধ্য হন।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...