পুর্নবাসন ও ফুটপাতে বসার সুযোগ করে দেয়ার দাবিতে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হকাররা। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে সমাবেশ করে বেলা ১১ টায় মিছিল নিয়ে জেলা প্রশাসক অফিসে গিয়ে স্বারকলিপি দেয় তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জেলা কমিটির সদস্য এম এ শাহীন, আরও বক্তব্য রাখেন হকার্স লীগের মহানগর কমিটির সভাপতি রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মো. পলাশ, হকার নেতা সালাম, শাহীন, সোহেল, তাসির প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে গরিব মেহনতি মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দিচ্ছে। দেশে কোটি কোটি যুবক বেকার তাঁদের কর্মসংস্থান ব্যবস্থা না করে উল্টো যারা নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে জীবীকা নির্বাহ করছে তাঁদের রোজগারের পথ বন্ধ করে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। দেশের প্রতিটি নাগরিকের কর্ম করে খাওয়া ও বাঁচার অধিকার আছে। সেই অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই। পুর্নবাসন ছাড়া কাওকে কোন স্থান থেকে উচ্ছেদ না করার জন্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যরা সুন্দর নগরী গড়ার নামে হকারদের উচ্ছেদ করে তাঁদের পেটে লাথি মারছে।
আপনার মন্তব্য প্রদান করুন...