বকেয়া ৪ মাসের বেতন পরিশোধ না করে ‘বিনা নোটিশে’ ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা ক্রোনী অ্যাপারেলস লিমিটেডের অন্তত ৫৬ কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
তারা এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগও দিয়েছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আযম বলেন, কর্মচারীরা তাদের ছাঁটাই এবং বকেয়া দাবির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্মচারীরা জানান, মঙ্গলবার সকালে তারা অন্য দিনের মতো কর্মস্থলে গেলে কারখানার গেটে তাদের ছবি ও আইডি নম্বরসহ একটি নোটিশ ঝুলতে দেখতে পান। এতে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করেছে। তবে নোটিশে এই সিদ্ধান্তের বিষয়ে কোনো কারণ দেখানো হয়নি।
কারখানার আইটি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহাদী হাসান বলেন, ‘কোনো কারণ না জানিয়ে কারখানা কর্তৃপক্ষ আমাদের চাকরিচ্যুত করেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গত ৪ মাসের বেতনও আমরা পাইনি। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেছে, তারা আমাদের কেবল ফেব্রুয়ারি মাসের বেতন দিবে। এমনকি, তারা আমাদের দুই মাস আগের তারিখের পদত্যাগপত্রে সই করার জন্য চাপ দিচ্ছে।’
‘চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ কেউ এই প্রতিষ্ঠানে ৮ থেকে ১০ বছর ধরেও চাকরি করছিলেন। শ্রম আইন অনুযায়ী চাকরিচ্যুত করার আগে আমাদের সকল বকেয়া ও তিন মাসের অগ্রিম বেতন পরিশোধ করার কথা রয়েছে। আমরা আইন অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি। অন্যথায় প্রয়োজনে আমরা শ্রম আদালতে যাবো’, বলেন এই কারখানার স্টোর ম্যানেজার আনোয়ার হোসেন।
তবে, ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানার বর্তমান অবস্থা বিবেচনা করে কয়েকজন কর্মচারী ছাঁটাই করা হয়েছে। তবে, কার কত পাওনা রয়েছে তা আমরা হিসাব করছি। সমস্ত কর্মচারীকে তাদের বকেয়া পরিশোধ করা হবে। তাদের আপাতত এক মাসের বেতন নিতে বলা হয়েছে। বাকিটাও তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে।’
এর আগে, গত ২৪ ডিসেম্বর, ক্রোনী গ্রুপের আরেকটি কোম্পানি ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেডকে ‘বিদেশী অর্ডার কমে গেছে’ উল্লেখ করে লে-অফ ঘোষণা করা হয়। প্রতিবাদে পরদিন সকালে কারখানার কয়েকশ’ শ্রমিক ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিক্ষোভ করে।
এরপর ৮ ফেব্রুয়ারি অন্তত ৭ হাজার শ্রমিক-কর্মচারীর বকেয়া পরিশোধ না করে একই গ্রুপের অবন্তী কালার লিমিটেড কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...