র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর থেকে নারীসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভূইঘর পূর্বপাড়া এলাকা থেকে র্যাবের জ্যাকেট গায়ে দিয়ে প্রতারণার প্রস্তুতিকালে তাদেরকে আটক করার কথা জানিয়েছেন র্যাব ১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) এম. জে. সোহেল।
আটক দুইজন হলেন- সালমা আক্তার সুরাইয়া (২৪) ও মো. আবু সাঈদ (৩০)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত র্যাবের একটি জ্যাকেট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এম. জে. সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের জ্যাকেট গায়ে দিয়ে র্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে দুই প্রতারককে আটক করা হয়।
তিনি বলেন, আসামীরা বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় র্যাব পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন।
আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আপনার মন্তব্য প্রদান করুন...