১১ মাস বয়সী এক শিশুকে চুরি করে বিক্রির ঘটনায় অভিযুক্ত দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। একইসাথে তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল দণ্ডপ্রাপ্ত এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ।
এই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। অপর এক আসামি বিচার চলাকালীন সময়ে মারা গেছেন বলে জানান পিপি।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা সেতারা বেগম (৬০) আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। অপর দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইল জেলার গোপালপুরের বাসিন্দা হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য আদালত পরোয়ানা জারি করেছেন বলে জানান আদালত পুলিশর পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার নথির বরাতে তিনি জানান, ২০০৮ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জ সদর থানার নলুয়া রোড এলাকার বাসিন্দা স্বপন শেখের ১১ মাসের শিশু সজিবকে চুরি করে বিক্রি করে দেয় দণ্ডপ্রাপ্তরা। পরে স্বপন শেখের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় চুরির পর শিশুটিকে বিক্রির অভিযোগে মামলা করেন। তদন্তকালে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে পুলিশ তদন্ত শেষে চারজনকে অভিযুক্তকে করে আদালতে অভিযোগপত্র দেয়।
এই মামলার দীর্ঘ সময় পর আজ আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...