নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেছেন, সমাজ থেকে সামাজিক অনুশাসন উঠে গেছে। আমাদের সবাইকে মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকা-মহল্লায় পুলিশিং টহল বাড়িয়ে দেওয়া হবে। কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবকদেরও কাজ করতে হবে। বুধবার (১৫ মে) বিকাল ৪টায় ফতুল্লার লালখাঁ শিয়াচর এলাকায় বিট অফিস সংলগ্ন মাঠে ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদঘাটন করা যাবে।
ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আযম মিয়া (পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তফা কামাল।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ হারেস শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তসলিম উদ্দিন, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুজন ফকির, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, এম এ রহিম ও মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...