নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপ-পরিদর্শক রিপন আহাম্মেদ বাদী হয়ে অজ্ঞাত ২৫০০০ থেকে ৩০০০০ ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ও ভিডিওচিত্র থেকে আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ৪৯ কোটি ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার নথিসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ৫ আগস্ট বিকালে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে থানা ছেড়ে পাশের একটি মসজিদে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
আপনার মন্তব্য প্রদান করুন...