নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এবং ক্লুলেস মামলার ডিটেকশনকারী অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এ সময় এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকারকে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এবং ক্লুলেস মামলার ডিটেকশনকারী অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। তিনি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত হায়েস গাড়ি উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার এ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আগস্ট মাসের মূল্যায়নে তিনি একাধিক ক্যাটাগরিতে পুরস্কৃত হন। এর আগে জুলাই ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভাতেও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার। ধারাবাহিকভাবে দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পরপর দুই মাসেই তিনি পুরস্কৃত হলেন।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত মাসিক মূল্যায়নের অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্ব পালনে সফল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা মূল্যায়নের মাধ্যমে এসব পুরস্কার দেওয়া হয়।
এদিকে দুপুর ১২টায় আগস্ট মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগস্ট মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, অপরাধের পরিসংখ্যান ও আইনগত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই নন্দন চন্দ্র সরকারের পরপর দুই মাসের এই সাফল্য তার দায়িত্ব পালনে দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় র্যাব (RAB), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...