নারায়ণগঞ্জের বন্দরের ধামগড়ে গোকুল দাস বাগ এলাকায় মো. মাইনুদ্দিন (৫২) নামে এক মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইনুদ্দিন নারায়ণগঞ্জ বন্দর থানার গোপাল দাস বাগ এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে।
নিহত মাইনুদ্দিনের ভাই আতাউর রহমান সাংবাদিকদের বলেন, তার ভাই প্রতিদিনের মতো সোমবার রাতেও মুদি দোকান বন্ধ করে বাসায় ফেরেন। এরপর তার ভাবির সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে স্বজনরা ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। অচেতন অবস্থায় তাকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আতাউর রহমান বলেন, রাতে আমার ভাইকে কেউ মেরে ফেলেছে না অন্য কোনো ঘটনায় মৃত্যু হয়েছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা এখন থানায় যাচ্ছি, এই ঘটনার পুলিশি সহায়তার জন্য থানায় যাচ্ছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহ ইনচার্জ মো. মাসুদ মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মাইনুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...