নারায়ণগঞ্জ জেলার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহরুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২৩৮ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন, তাদের আগ্রহ ও অংশগ্রহণের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। আলোচনার মাধ্যমে প্রার্থী ঘোষণা করা হবে। এটি সম্ভাব্য প্রার্থী তালিকা; প্রয়োজন হলে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু আসনে পরিবর্তন হতে পারে।”
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, যুবদলের সাবেক সভাপতি মাসকুদুল আলম খোরশেদ, বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল এবং লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক আলিয়ার হোসেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি এখনো ফাঁকা রেখেছে বিএনপি। ধারণা করা হচ্ছে, এ আসনটি আগের মতোই জোটের শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী শাহ্ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া এবং বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওলিউর রহমান আপেল।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর ও তার ভাতিজা বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
আপনার মন্তব্য প্রদান করুন...