নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৮৭ শতাংশ এবং অপরজনের ৫২ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ দুই শ্রমিক হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গভীর রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন কারখানার দিকে ছুটে যান। সেখানে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে আনার পর তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালিতে পোড়াজনিত ক্ষত (ইনহেলেশন ইনজুরি) রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ভয়াবহ এ ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা, গ্যাসলাইনের রক্ষণাবেক্ষণ এবং শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য প্রদান করুন...