নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত একমাত্র আসামী মোঃ এবাদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। গত ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মোঃ আমিনুল হক আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এদিন দণ্ডপ্রাপ্ত রূপগঞ্জের টাওড়া এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে এবাদুল্লাহকে (৪৩) রূপগঞ্জ থানাধীন গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২০০০ সালের ৫ জুলাই আসামি এবাদুল্লাহ তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে আসামি তার স্ত্রী লিপি আক্তারকে মারধর করে ও শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ নজুম উদ্দিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ২৯ ফেব্রুয়ারি বাদীর বড় মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এবাদুল্লাহকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য প্রদান করুন...