বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার অভিযান। শুক্রবার সকালে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় “কইল্লানি খাল” পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে শুরু হওয়া এ অভিযানে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী অংশ নেন। বছরের পর বছর ময়লা-আবর্জনা ও দূষণের কারণে সদর উপজেলা ও ফতুল্লা এলাকার প্রায় ১৫ থেকে ২০ লাখ বাসিন্দা জলাবদ্ধতা ও দুর্গন্ধের ভোগান্তিতে ছিলেন।
উদ্বোধন শেষে গণমাধ্যমে মশিউর রহমান রনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম খাল খননের উদ্যোগ নেন। আমরা তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করেই জেলার ঐতিহ্যবাহী খালগুলো রক্ষায় মাঠে নেমেছি। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জনভোগান্তি নিরসনে কাজ করছে। কইল্লানি খাল পরিচ্ছন্ন কার্যক্রমও সেই উদ্যোগেরই অংশ।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে সাবেক এমপি শামীম ওসমান এই খালের কোনো সংরক্ষণ ব্যবস্থা নেননি। বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। তারা বর্ষা এলেই পানিতে নেমে অভিনয় করতেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। এখন আমরা সত্যিকারের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করছি, যাতে মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক জানান, “জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ার পর আমরা সহযোগিতার হাত বাড়াই। আজ প্রায় সাড়ে চারশত যুবদল ও ছাত্রদলের স্বেচ্ছাসেবী এ অভিযানে অংশ নিচ্ছে। যতদিন প্রয়োজন, আমরা এই খাল পরিষ্কার রাখার কাজ চালিয়ে যাব।”
প্রসঙ্গত, জেলা প্রশাসনের তথ্যমতে, নারায়ণগঞ্জে বর্তমানে ৯২ কিলোমিটার দীর্ঘ ৬৭টি খাল টিকে আছে। এর মধ্যে প্রায় ১৭ কিলোমিটার খাল দখল হয়ে গেছে, সাতটি খাল কেনাবেচা হয়েছে এবং আরও নয়টি খাল মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...