নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলা ও একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি আসলাম ওরফে ‘টাইসন আসলাম’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আসলাম ওরফে টাইসন আসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলা ছাড়াও একাধিক মাদক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামী। স্থানীয়ভাবে সাবেক এক চেয়ারম্যানের অবৈধ অস্ত্র ও প্রভাব-প্রতিপত্তির অপব্যবহারের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা যায়, ২০২৬ সালের মে-জুন মাসের দিকে পূর্ব গোপালনগর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় আটক এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ছাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনার সঙ্গেও তার ও সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
পুলিশের দাবি, আসলামকে গ্রেপ্তারের জন্য এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। কয়েকটি অভিযানে পুলিশ সদস্যদের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসলামের বিরুদ্ধে থাকা মামলাগুলো ও অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...