রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হারেজ ও তার ছেলেসহ ৪০ জনকে আসামী করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাদী শফিকুল নিহত বিউটি বেগমের ছেলে বেলায়েত হোসেনের বন্ধু।
এর আগে সোমবার বিকেলে বিরোধের জেরে হাবিব নগর এলাকায় একটি বাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে বিউটি বেগম নামে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
মামলায় বলা হয়েছে, শফিকুলের বাবা জাহের আলী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হাবিবুর ও তার বড় ছেলে মতিনসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এই সময় জাহের আলীর পক্ষে ছিল বেলায়েত। এরই জেরে তাদের বাড়িতে বিকেলে সহযোগীদের নিয়ে হামলা চালায় হাবিবুরের আরেক ছেলে জাকিবুর রহমান জুয়েল। ওই সময় হামলাকারীরা বাড়িতে আগুন দেয়।
এই মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সাঈদ নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তবে আওয়ামী লীগ নেতা হাবিবুর ও তার ছেলেরা পলাতক রয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, মামলার অপর আসামীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...