নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তাদের মৃত্যু হয় বলে জানান রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
নিহত জাহানারা বেগম (২৫) ও তাঁর স্বামী শামীম মিয়া (২৯) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
নিহতদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। মরদেহ দু’টি রংপুরের তারাগঞ্জে তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।
তবে, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, শনিবার ভোরে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় আবাসিক ভবনের নিচতলার একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে জানান রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
দগ্ধ ওই দম্পতি ভবনটিতে ভাড়া থাকতেন। তারা তিনদিন হয়েছে ওই বাসায় ভাড়াটিয় হিসেবে উঠেছেন বলে জানান বাড়ির মালিক আবু মুসা।
প্রতিবেশীরা জানান, শনিবার ভোর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভাঙলে ওই দম্পতির ঘরে গিয়ে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান শনিবার জানিয়েছিলেন, ‘বিস্ফোরণের আলামত দেখে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি। গ্যাসের লাইনের সাথে একটি কম্প্রেসার যন্ত্র পাওয়া গেছে যা দিয়ে গ্যাসের চাপ বাড়ানো যায়। সেটিও বিস্ফোরিত হয়েছে।’
আপনার মন্তব্য প্রদান করুন...