নারায়ণগঞ্জের কাগজ : পুলিশের উপর হামলাকারী ও হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী জাবেদকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলষ্টেশন থেকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাবেদ দাপা ইদ্রাকপুর রেলষ্টেশন এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। জাবেদকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে বাকী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবী জানান।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জাবেদকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় অনেক ধস্তাধস্তি করে। পরে অতিরিক্ত পুলিশ টিম ফোর্স গেলে তাকে থানায় গ্রেফতার করে নিয়ে আসি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ফতুল্লা রেলষ্টেশনের পশ্চিম পাশে প্রায় ৩ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে জাবেদসহ ১ ডজন মাদক কারবারি। পুলিশ গ্রেপ্তার করতে গেলেই তাদের উপর হামলা চালায় তার লোকজন। পুলিশ পরে গ্রেপ্তার না করেই ফিরে আসতে হয়। এর আগেও এএসআই মাহাবুব জাবেদকে গ্রেপ্তার করতে গেলে তার উপর হামলা চালায় জাবেদের লোকজন। পরে জাবেদকে গ্রেপ্তার না করে চলে আসে। ১ বছর আগে পুলিশ জাবেদকে আটককের পর কৌশলে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে জাবেদের মা ছখিনা বেগম ভোর সকালে শুধু হ্যান্ডকাপ পুলিশকে ফেরত দিয়ে যান।
আপনার মন্তব্য প্রদান করুন...