নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফাহিম আহমেদ (২৩), মোঃ নিরব হোসেন (১৮), মোঃ ফয়সাল (২০), মোঃ অনিক আহমেদ অনিন (২১) ও মোঃ আবির (১৬)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন চন্দ্র সরকার জানান, গভীর রাতে ছাত্রলীগের প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ব্যানার ও মশাল হাতে আকস্মিক ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। এসময় মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “রাতের অন্ধকারে মশাল মিছিল করার সময় ছাত্রলীগের পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের ব্যানার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা নাশকতার পরিকল্পনা করছিল।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...