নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর শুভ হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ জাহিদকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১৫ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার ইসদাইর রেললাইন এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ জাহিদ (৩৫), তার স্ত্রী বিলকিস (২৬), জামতলা এলাকার ভাড়াটিয়া মৃত আদম আলীর মেয়ে আয়েশা (৫৫) এবং পশ্চিম মাসদাইর এলাকার মৃত হাসান মৃধার ছেলে হযরত (৩৮)।
পুলিশ জানায়, রোববার বিকেলে ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ফতুল্লার ইসদাইর এলাকা থেকে শুভ (২৩) নিখোঁজ হন। ঘটনার রাতে তার মা ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং অজ্ঞাত লাশ হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে ২ এপ্রিল নিহতের মা মাকসুদা বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১)সহ ১০ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সাব্বির, রাজ্জাক, ওয়াসিম ও লাল শুভসহ মোট কয়েকজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় জাহিদের স্ত্রী বিলকিস, মাদক সম্রাজ্ঞী আয়েশা ও হযরতকেও বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ৭-৮টি মামলা এবং হযরতের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...