নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং ব্যবসায়ী ও ক্রেতাদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ড্রেন, রাস্তা ও শেড সংস্কার ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বাজারের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করা হয়।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সার্বিক উদ্যোগ ও বাস্তবায়নে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।
উদ্বোধনকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বাজারের সুষ্ঠু পরিবেশ এবং ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে ফতুল্লা বাজারের চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতা ও যাতায়াতের সমস্যাও অনেকাংশে দূর হবে।”
তিনি আরও বলেন, ফতুল্লা বাজারের সরু রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং পুরোনো শেডের কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সদর উপজেলার হাট-বাজার ফান্ড থেকে অর্থ ব্যয় করে ফতুল্লা বাজারসহ উপজেলার অন্যান্য বাজারেও পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। এর আওতায় দিগু বাজার, ভূইগড় বাজারসহ বিভিন্ন বাজারের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “হাসিনা সরকারের আমলে বাজার উন্নয়নের নামে লুটপাট হয়েছে। শতবর্ষী এই বাজারকে তারা ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অনেক দোকানি ও ব্যবসায়ী অন্যত্র চলে গেছেন।”
তিনি জানান, সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যে বাজারের ব্যবসায়ী ও দোকানিদের সুবিধার্থে দুটি কল স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানও করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবার ফতুল্লা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে ড্রেন নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও শেড সংস্কারসহ বিভিন্ন উন্নয়নকাজের সূচনা করা হলো। এ জন্য ফতুল্লা বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে সদর উপজেলা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানাই।”
এদিকে, ফতুল্লা বাজারের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। এ সময় ওয়াকওয়ের পরিবেশ দেখে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী রহমত উল্লাহসহ বাজারের দোকানি ও বিভিন্ন ব্যবসায়ী।
আপনার মন্তব্য প্রদান করুন...