দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার নারায়ণগঞ্জের বিএনপির আরও ২০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকার দলীয় নেতা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিস্কারের আদেশের এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের ২০ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সহ কমিটির গুরুত্বপূর্ণ ৬ নেতা রয়েছেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ মর্যাদার আরও ৮ নেতা বহিস্কারের এই তালিকায় আছেন।
বহিস্কৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।

বহিস্কৃতদের মধ্যে আরও আছেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে একই অভিযোগে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সোনারগাঁ থানা ও ইউনিয়ন যুবদলের ৪ নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
বহিষ্কৃতরা হলেন- সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।
এই চারজনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...