ক্ষুদ্র এক ভাইরাস (কোভিড-১৯) পাল্টে দিয়েছে পৃথিবীর চিত্র। নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। তারই ধারাবাহিকতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ।
একজন মানুষ মহৎ হয়ে ওঠেন তার কর্মগুণে। যেখানে বাংলাদেশে পুলিশের নাম বললে মানুষ মনে করে ঘুষখোর ও দুর্নীতিবাজ। কিন্তু অন্যদিকে বাংলাদেশে এমনও অনেক পুলিশ অফিসার আছেন, যারা তাদের কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে কাজ করেন মানুষের উপকারে, দেশের কল্যাণে। তাদের উপর অর্পিত দায়িত্ব ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তারা নিজের বেতনের টাকা ছাড়া একটি টাকাও অন্যায় পথে আয় করেন না। তারা নিজেদের রাখেন অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার। এমনই একজন হলেন রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ।
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বর্তমানে বাংলাদেশের এই জাতীয় সংকটে এগিয়ে এসেছেন মানবতার দূত হিসেবে, সরকারের দেয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী পুলিশ সুপার মিজানুর রহমান সাহেবের নির্দেশে পৌঁছে দিচ্ছেন গরীব ও অসহায় মানুষের দুয়ারে দুয়ারে। এছাড়াও নিজস্ব তহবিল থেকেও করছেন আর্থিকভাবে সাহায্য। এছাড়াও অসহায়-দুস্থ, বেকার হওয়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। তার কাছে গিয়ে কোন মানুষ খালি হাতে ফিরছেন না। পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার সেবক হিসেবে পরিচিতি পেয়েছেন ওসি মোঃ আহসান উল্লাহ।
এছাড়াও সরকার করোনা মোকাবিলায় সারাদেশের সমস্ত দোকান, হাট-বাজার বন্ধ ঘোষণা করার পরেই ওসি মোঃ আহসান উল্লাহ নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু বন্ধ নিশ্চিত করেছেন। তিনি প্রতিদিন পাংশার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজেশন বিতরণ করছেন এবং মানুষের সচেতনতার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
জরুরী প্রয়োজন ছাড়া বাহির না হওয়া ও জনসমাগম ঠেকাতে বাজার, পাড়া মহল্লায় প্রতিনিয়ত টহল দিচ্ছেন নিয়োজিত পুলিশ সদস্যরা। অন্য জেলার গাড়ী অত্র জেলায় যেন প্রবেশ করতে না পারে তারজন্য চেকপোস্ট চালু করা। বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নিয়মিত দায়িত্ব পালন করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ বলেন, এক মহাক্রান্তিকাল পার করছি। আমাদের চিরচেনা পৃথিবীর সমস্ত দৃশ্যপট পাল্টে গেছে। বিভিন্ন দেশে চলছে মৃত্যুর মিছিল। ইতোমধ্যে আমাদের দেশেও অনেকে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আমাদের আরো সচেতন হতে হবে। সকলকেই সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে, তবেই আমরা করোনা প্রতিরোধে সফলতা অর্জন করতে পারবো বলে আশা করি।
তিনি বলেন, এ সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থাকতে হবে। সরকারের গৃহীত প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। আমাদের আরও মানবিক হতে হবে।
এসময় তিনি আরও বলেন, আমাদের ভয় পেলে চলবে না। মহান আল্লাহর প্রতি আমাদের আস্থা থাকতে হবে ও সকল নিয়ম মেনে চলতে হবে। নিম্নআয়ের মানুষদের সহায়তা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”
উল্লেখ্য, করোনার উপসর্গ নিয়ে রাজবাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর সেনগ্রামের মৃত এক ব্যাক্তির জানাযা টর্চের আলোতে পড়ানো ও কবরস্থানে দাফনের ব্যবস্থাসহ পরবর্তীতে ওই মৃত ব্যাক্তির পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ।
আপনার মন্তব্য প্রদান করুন...