নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ৭ তারিখের পর আর ছাড় নাই। বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না। যারা জনগণের বুকে পেটে লাঠি মারে, আগুন সন্ত্রাস করে তাদের শেখ হাসিনা ছাড়বেন না। যদি আমি শামীম ওসমানও হই তবুও ছাড় নাই। বুধবার (২২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইচ্ছা ছিল নির্বাচনের মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নাই। বিএনপি ভোটে না এসে ২০১৩, ১৪, ১৫ সালে যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছিল, আবারো তাই করছে। নারায়ণগঞ্জে ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়েছে। সব জায়গায় এমন করা হচ্ছে ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। মানুষকে আগুন দিয়ে মেরে কী লাভ হচ্ছে? লন্ডন থেকে বসে তারেক এসব করাচ্ছে। ক্ষমতার ধারের কাছেও তারা নাই। বাংলাদেশ যেন আফগানিস্তান হয় সে লক্ষ্যে এ ধরনের কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এদিক সেদিক হবে না। নির্বাচনে বিপুল ভোটে আবারো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমাদের ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নাই। এখন রাতের আধারে তারা মানুষকে পুড়িয়ে মারতে চেষ্টা করে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা তো খেলার উপযুক্ত নয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র শাহজালাল বাদল, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য প্রদান করুন...